
হাইলাকান্দি (অসম) ৩ আগস্ট (হি.স.) : সেনসাস-২০২৭-এর সেল্ফ এনুমারেশন পর্বকে সফল করতে হাইলাকান্দি জেলাজুড়ে জোরকদমে চলছে জনসচেতনতামূলক প্রচার অভিযান। জেলা প্রশাসনের উদ্যোগে প্রচার গাড়ি, মাইকিং এবং হেল্প ডেস্কের মাধ্যমে সাধারণ মানুষকে স্ব-গণনায় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
জেলা আয়ুক্ত জয় বিকাশ আনুষ্ঠানিকভাবে দুটি প্রচার গাড়ির যাত্রার সূচনা করেন। এই প্রচার গাড়িগুলি জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে সেল্ফ এনুমারেশন সম্পর্কিত তথ্য ও বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে।
এদিকে, হাইলাকান্দি রাজস্ব চক্রের উদ্যোগে বিভিন্ন এলাকায় মাইকযোগে সচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে। সেল্ফ এনুমারেশনের গুরুত্ব, পদ্ধতি এবং নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে।
অন্যদিকে, জেলা আয়ুক্ত কার্যালয়ে স্থাপিত এনুমারেশন সেন্টার ও হেল্প ডেস্কে আগত নাগরিকদের সেল্ফ এনুমারেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে সেল্ফ এনুমারেশন সম্পন্ন করে সেনসাস-২০২৭-কে সফল করার আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস