
মুম্বই, ৬ আগস্ট (হি.স.) : পরিচালক অমিত রায়ের পারিবারিক ছবি 'ওহ মাই ডগ'-এর পেইড প্রিভিউ শোয়ের ঘোষণা করেন নির্মাতারা। ৭ আগস্ট মুক্তির আগে, বৃহস্পতিবার দেশজুড়ে ১৪৯ টাকা মূল্যে ছবিটির বিশেষ প্রিভিউ শো আয়োজন করার বিষয়ে জানানো হয়।
নির্মাতাদের দাবি, দেশের ১৫টি শহরে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে ছবিটি দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে। কলকাতা, লখনউ, জয়পুর, ইন্দোর, দিল্লি, পুণে, পাটনা, আহমেদাবাদ, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং মুম্বই-সহ একাধিক শহরে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
পরিচালক অমিত রায় জানান, দর্শকদের কাছ থেকে পাওয়া উৎসাহের জেরেই পেইড প্রিভিউ শোয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, এর ফলে আরও বেশি দর্শক ছবিটি আনুষ্ঠানিক মুক্তির আগেই দেখার সুযোগ পাবেন। 'ওহ মাই ডগ'-এর কাহিনি, পরিচালনা ও প্রযোজনা করেছেন অমিত রায়। বাবুলাল বিস্কোপ ও থিংকিং হ্যাটস এন্টারটেনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন রাজেশ ভরদ্বাজ ও সানা ওয়ারসি।
ছবিতে অভিনয় করেছেন মাহি রায়, পঙ্কজ ত্রিপাঠী, গীতা আগরওয়াল শর্মা, রাজেশ কুমার, পবন মালহোত্রা, সুলক্ষণা বরুয়া এবং বিজয় মিশ্র। এছাড়া অস্কার ও ব্রুনো-সহ ২৫০টিরও বেশি কুকুরকে ছবিতে দেখা যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস