ইউপিআই লেনদেনে সম্ভাব্য চার্জ নিয়ে খাড়গের প্রশ্ন; ৫ হাজারে ২৫, ১০ হাজারে ৫০ টাকা? সরকার জবাব দিক: খাড়গে
নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, ‘নো ফি অন ইউপিআই’ ব্যবস্থা বদলে ২ হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনকে শুল্কমুক্ত রেখে তার বেশি অঙ্কের লেনদেনে ফি বসানোর প্রস্তুতি চলছে। ৫ হাজার টাকার লেনদেনে ২৫ টাকা
ইউপিআই লেনদেনে সম্ভাব্য চার্জ নিয়ে খাড়গের প্রশ্ন; ৫ হাজারে ২৫, ১০ হাজারে ৫০ টাকা? সরকার জবাব দিক: খাড়গে


নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, ‘নো ফি অন ইউপিআই’ ব্যবস্থা বদলে ২ হাজার টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনকে শুল্কমুক্ত রেখে তার বেশি অঙ্কের লেনদেনে ফি বসানোর প্রস্তুতি চলছে। ৫ হাজার টাকার লেনদেনে ২৫ টাকা এবং ১০ হাজার টাকার লেনদেনে ৫০ টাকা পর্যন্ত সম্ভাব্য ফি নেওয়ার যে খবর প্রকাশ্যে এসেছে, তা নিয়ে সরকারের কাছে স্পষ্টীকরণ চেয়েছেন তিনি।

মঙ্গলবার এক্স-এ দেওয়া পোস্টে খাড়গে বলেন, মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের পকেট এমনিতেই খালি। পাইকারি মূল্যবৃদ্ধির হার প্রায় ১০ শতাংশ। এমন পরিস্থিতিতে ইউপিআই লেনদেনে ফি বসানো হলে সাধারণ মানুষের সঞ্চয়ের উপর অতিরিক্ত চাপ পড়বে।

নোটবন্দির প্রসঙ্গ তুলে খাড়গে বলেন, প্রায় ১০ বছর আগে নোটবন্দির মাধ্যমে অর্থনীতিতে ধাক্কা দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তের ফলাফল নিয়ে প্রশ্ন উঠলে সরকার জানিয়েছিল, ডিজিটাল পেমেন্ট এবং নগদহীন অর্থনীতিকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।

খাড়গে বলেন, সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছিলেন যে ইউপিআইয়ের উপর কোনও কর বা ফি বসানো হবে না। তা সত্ত্বেও কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ৫ হাজার টাকার লেনদেনে ২৫ টাকা এবং ১০ হাজার টাকার লেনদেনে ৫০ টাকা পর্যন্ত সম্ভাব্য ফি নেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা কি সত্য?

মার্চেন্ট ডিসকাউন্ট রেটের প্রসঙ্গ তুলে খাড়গে বলেন, ব্যবসায়ীদের উপর অতিরিক্ত যে বোঝা পড়বে, তা শেষ পর্যন্ত পণ্য ও পরিষেবার দামের মাধ্যমে সাধারণ ক্রেতার কাছ থেকেই আদায় করা হতে পারে। মূল্যবৃদ্ধিতে জর্জরিত মানুষকে স্বস্তি দেওয়ার পরিবর্তে সরকার সাধারণ মানুষের পকেটে অতিরিক্ত চাপ তৈরির নতুন পথ খুঁজছে বলেও অভিযোগ করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande