
লখনউ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি থানা এলাকায় মঙ্গলবার গভীর রাতে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব রঞ্জন উপাধ্যায় বুধবার জানিয়েছেন, মহিপাল খেড়া এলাকার বাসিন্দা শরণ যাদব (২৯) মঙ্গলবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরেন। পরিবারের সদস্যদের দাবি, তিনি কোথা থেকে একটি অবৈধ পিস্তল নিয়ে এসেছিলেন এবং স্ত্রীকে সেটি দেখাচ্ছিলেন। সেই সময় পিস্তলের মধ্যে থাকা ম্যাগাজিনটি নিচে পড়ে যায়। তবে পিস্তলের মধ্যে একটি গুলি আটকে ছিল। পরিবারের দাবি, শরণ পিস্তলটি নিজের কপালের পাশে ঠেকিয়ে বলেছিলেন, ম্যাগাজিন বেরিয়ে গিয়েছে, তাই কিছু হবে না। এরপর তিনি ট্রিগারে চাপ দিলে গুলি বেরিয়ে তাঁর কপালে লাগে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক দল ও ফিল্ড ইউনিটের সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি অবৈধ পিস্তল এবং একটি খালি কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস