
বহরমপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.):- রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বুধবার মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শাঁখারভ সরকার। এদিন দুপুরে বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে গিয়ে নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়ন জমা দেওয়ার আগে বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। বাদ্যযন্ত্রের তালে রঙিন বেলুন নিয়ে দলীয় কর্মী-সমর্থকেরা শোভাযাত্রায় অংশ নেন। বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের কাছে পৌঁছে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর দলীয় নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন, নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা, মুর্শিদাবাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, বড়ঞার বিধায়ক সুখেন বাগদি এবং বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র-সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মীরা।
রেজিনগর উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার পর দলীয় প্রার্থীকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। আগামী দিনে প্রচারপর্বে রেজিনগর কেন্দ্রে রাজনৈতিক লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়