
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সমগ্র রাজ্যজুড়ে ‘আশীর্বাদের দীপ’ জ্বালানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী ১৭ সেপ্টেম্বর প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করার জন্য রাজ্যবাসীর কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি।
বুধবার সকালে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনের পাশাপাশি জনসেবা ও রাষ্ট্রসেবায় তাঁর ২৫ বছরের দীর্ঘ যাত্রাকে স্মরণ করা হবে। তিনি মনে করিয়ে দেন, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন পর্যন্ত নরেন্দ্র মোদীর জনসংযোগ ও জনসেবার এই সফর আগামী ৭ অক্টোবর ২৫ বছর পূর্ণ করতে চলেছে।
এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই রাজ্যজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিনে সমগ্র বাংলায় ‘আশীর্বাদের দীপ’ প্রজ্বলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সর্বশক্তিমান ঈশ্বরের কাছে নরেন্দ্র মোদীর সুস্থতা ও দীর্ঘ পরমায়ু কামনা করা হবে, যাতে আগামী দিনগুলিতেও তিনি একইভাবে দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের সমস্ত স্তরের মানুষকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই বিশেষ সেবা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি