
হাওড়া, ১৭ সেপ্টেম্বর (হি.স.): ঐতিহ্য ও অভিনবত্বের মেলবন্ধনে এবার ১২৫ বছরে পদার্পণ করল লিলুয়া রেল ওয়ার্কশপের বিশ্বকর্মা পুজো। দীর্ঘদিনের ঐতিহ্যকে ধরে রেখেই এ বছর পুজোয় বিশেষ আকর্ষণ তৈরি করেছেন রেলকর্মীরা। একসময় ওয়ার্কশপের বিভিন্ন বিভাগের উদ্যোগে আলাদা আলাদা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হলেও বর্তমানে সকল বিভাগকে এক ছাতার তলায় এনে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় পুজো।
তবে এবারের পুজোর মূল আকর্ষণ মণ্ডপ ও প্রতিমার নির্মাণশৈলী। রেলকর্মীদের সৃজনশীলতায় পরিত্যক্ত ও ব্যবহৃত বিভিন্ন স্ক্র্যাপ সামগ্রীকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপের নানা অংশ এবং সাজসজ্জা। ফেলে দেওয়া বর্জ্য পদার্থকে কীভাবে শিল্পকলার রূপ দেওয়া যায়, তারই অভিনব উদাহরণ হয়ে উঠেছে লিলুয়া রেল ওয়ার্কশপের এবারের বিশ্বকর্মা পুজো।
রেলকর্মীদের এই উদ্যোগে যেমন ফুটে উঠেছে তাঁদের শিল্পভাবনা, তেমনই মিলেছে পরিবেশবান্ধব বার্তাও। কর্মক্ষেত্রে ব্যবহৃত পরিত্যক্ত সামগ্রীকে নতুনভাবে কাজে লাগিয়ে তৈরি এই শিল্পকর্ম ইতিমধ্যেই দর্শনার্থী ও রেলকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ১২৫ বছরের ঐতিহ্যকে সামনে রেখে এমন অভিনব ভাবনা এবারের পুজোকে দিয়েছে আলাদা মাত্রা। বিশ্বকর্মা পুজোয় ইউনিক কিছু দেখতে চাইলে লিলুয়া রেল ওয়ার্কশপের এই আয়োজন নজর কাড়ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়