আগরতলায় এমবিবি বিমানবন্দরে তিন মহিলা সহ ভারতীয় টাউট গ্রেফতার
আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বিমানে করে বাংলাদেশি নাগরিকদের গুয়াহাটি পাচারের অভিযোগে বড়সড় চক্রান্ত ভেস্তে দিল এয়ারপোর্ট থানার পুলিশ। এমবিবি বিমানবন্দরের সামনে থেকে তিন বাংলাদেশি মহিলা সহ এক ভারতীয় টাউটকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ভারতীয় টাউট
তিন বাংলাদেশি মহিলা গ্রেফতার


আগরতলা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : বিমানে করে বাংলাদেশি নাগরিকদের গুয়াহাটি পাচারের অভিযোগে বড়সড় চক্রান্ত ভেস্তে দিল এয়ারপোর্ট থানার পুলিশ। এমবিবি বিমানবন্দরের সামনে থেকে তিন বাংলাদেশি মহিলা সহ এক ভারতীয় টাউটকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ভারতীয় টাউটের নাম মাজারুল ইসলাম। শুক্রবার ধৃত চারজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মোহনপুর মহকুমা আদালতে সোপর্দ করে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এমবিবি বিমানবন্দরের আশপাশে তিন মহিলাকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা বিষয়টি এয়ারপোর্ট থানার পুলিশকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর তিন বাংলাদেশি মহিলাকে আটক করার পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা ভারতীয় নাগরিক মাজারুল ইসলামকেও আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তদন্তকারীদের দাবি, ধৃত তিন মহিলা বাংলাদেশের খুলনা জেলা থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে প্রথমে সোনামুড়ায় প্রবেশ করেন। এরপর মাজারুল ইসলামের মাধ্যমে তাঁরা আগরতলায় আসে। আগরতলা থেকে বিমানে তাঁদের গুয়াহাটি যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে। এমনকি গুয়াহাটি যাওয়ার জন্য তাঁদের কাছে বিমানের টিকিটও ছিল।

তবে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ধৃত মহিলারা ভারতে প্রবেশ ও অবস্থানের বৈধ কোনও নথিপত্র দেখাতে পারেননি। তাঁদের কাছে বৈধ ভারতীয় নথি না থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর পুলিশ তদন্তের স্বার্থে তাঁদের গ্রেফতার করে। এ ঘটনায় বিদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও অবস্থানের পাশাপাশি পাসপোর্ট সংক্রান্ত আইনে মামলা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিন ধৃত চারজনকে মোহনপুর মহকুমা আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানায় এয়ারপোর্ট থানার পুলিশ। তাঁদের আগরতলায় নিয়ে আসা, সীমান্ত পারাপারে সহযোগিতা এবং গুয়াহাটি পাঠানোর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।

এয়ারপোর্ট থানার ইনচার্জ শ্যামল দেবনাথ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি মহিলারা জানিয়েছেন, কাজের উদ্দেশ্যেই বাংলাদেশ থেকে আগরতলা হয়ে গুয়াহাটি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। সেই উদ্দেশ্যে তাঁরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করেন বলে পুলিশকে জানিয়েছেন। তাঁদের সঙ্গে ভারতীয় টাউট মাজারুল ইসলামের কী ধরনের যোগাযোগ ছিল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের তদন্তে আরও কী তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার। বিমানপথে বাংলাদেশি নাগরিকদের দেশের অন্যত্র নিয়ে যাওয়ার এই ঘটনাকে ঘিরে সীমান্ত নিরাপত্তা ও মানবপাচারের সম্ভাব্য দিকটিও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande