

হাফলং (অসম), ১৯ সেপ্টেম্বর (হি. স.) : 'জুবিন-বিহীন এক বছর। কিন্তু তাঁর গান, সুর ও সৃষ্টির মধ্য দিয়ে অসমবাসীর হৃদয়ে এখনও জীবন্ত প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। শনিবার ‘জুবিন দিবস’-এ রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাফলঙেও নানা কর্মসূচির মাধ্যমে প্রিয় শিল্পীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল।
এই উপলক্ষে শনিবার বাঙালি পরিষদ অসম, ডিমা হাসাও জেলা কমিটির উদ্যোগে হাফলং জগন্নাথ মন্দির প্রাঙ্গণে জুবিন গর্গের স্মরণে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুবিন গর্গের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বাঙালি পরিষদের ডিমা হাসাও জেলা কমিটির সঙ্গীতশিল্পীরা সমবেত কণ্ঠে জুবিন গর্গের স্মরণে সঙ্গীত পরিবেশন করেন। তাঁর জীবন, সঙ্গীতসৃষ্টি এবং অসমের মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক নিয়েও অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অন্য দিকে, জুবিন গর্গের স্মৃতিকে মানবসেবার সঙ্গে যুক্ত করে শনিবার হাফলংয়ের ডিমা হাসাও স্পোর্টস কমপ্লেক্সে বিজেপি ডিমা হাসাও জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। আয়োজকদের বক্তব্য, প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতেই এই উদ্যোগ।
শিবিরে উপস্থিত থেকে কর্মসূচিকে উৎসাহিত করেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধৃতি থাওসেন, ডিএইচএসি-র ইএম প্রবিতা জহরি ও প্রজিত হোজাই, সদস্য জন পাইথং-সহ জেলা কমিটির সদস্য এবং দলের কর্মী-সমর্থকেরা। দলীয় কর্মী ও স্বেচ্ছাসেবকেরা স্বতঃস্ফূর্ত ভাবে রক্তদান করেন।
আয়োজকদের মতে, জুবিন গর্গ শুধু একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ছিলেন না, অসমের মানুষের সঙ্গে তাঁর ছিল গভীর আত্মিক সম্পর্ক। তাঁর গান ও সৃষ্টিশীলতা প্রজন্মের পর প্রজন্ম মানুষের মনে ছাপ ফেলেছে। তাই আনুষ্ঠানিক স্মরণসভায় সীমাবদ্ধ না থেকে রক্তদানের মতো মানবিক কর্মসূচির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে।
হাফলঙে একই দিনে আয়োজিত দুই কর্মসূচিতে সঙ্গীত ও মানবসেবার মাধ্যমে ফুটে উঠল জুবিন গর্গের প্রতি মানুষের গভীর আবেগ ও শ্রদ্ধা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব