
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): আসন্ন উৎসব ও বিয়ের মরসুমের মুখে দিল্লির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা করোল বাগকে যানজটমুক্ত রাখতে বিশেষ পদক্ষেপ করল দিল্লি ট্র্যাফিক পুলিশ। পথ নিরাপত্তা বৃদ্ধি এবং দায়িত্বশীল যান চলাচলের পাঠ দিতে করোল বাগে আয়োজন করা হয় অভিনব সচেতনতামূলক শিবির ‘ট্র্যাফিক পাঠশালা’। বিশেষ করে মেট্রো স্টেশন চত্বরে পথচারীদের অবাধ যাতায়াত নিশ্চিত করাই এই প্রচার অভিযানের মূল লক্ষ্য।
ট্র্যাফিক ইনস্পেক্টর মনিকা জানান, কেনাকাটার জন্য করোল বাগ অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ত একটি বাজার। সামনেই উৎসব ও বিয়ের মরসুম শুরু হতে চলায় প্রতিদিন হাজার হাজার মানুষ মেট্রোয় চেপে এখানে কেনাকাটা করতে আসবেন। কিন্তু মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান দ্বারে রিকশা, অটো এবং অন্যান্য গাড়ির যত্রতত্র পার্কিংয়ের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পথচারীদের হাঁটার জায়গাটুকুও থাকে না।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের এই দুর্ভোগ মেটাতেই ‘ট্র্যাফিক পাঠশালা’র মাধ্যমে অটো ও রিকশাচালকদের নির্ধারিত স্থানে গাড়ি রাখা এবং ট্র্যাফিক নিয়ম মানার ব্যাপারে সচেতন করা হচ্ছে। উৎসবের মরসুমে বাজারে আসা সাধারণ ক্রেতা ও পথচারীরা যাতে কোনো ধরনের অসুবিধার মুখে না পড়েন, তা নিশ্চিত করতেই পুলিশ এই বিশেষ অভিযান শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ