রাহুল গান্ধীকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ রবিশঙ্করের
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ইভিএম নিয়ে বিরোধী শিবিরের তোলা অভিযোগের জবাবে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিরোধীদের কার্যত একহাত নিয়ে
রাহুল গান্ধীকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তোপ রবিশঙ্করের


নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ইভিএম নিয়ে বিরোধী শিবিরের তোলা অভিযোগের জবাবে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বিরোধীদের কার্যত একহাত নিয়ে তিনি বলেন, ভোটে হারলেই নির্বাচন কমিশন, ভোটার তালিকা কিংবা ইভিএম-এর ঘাড়ে দোষ চাপানো কংগ্রেসের পুরোনো অভ্যাসে পরিণত হয়েছে।

কংগ্রেস নেতৃত্বকে কাঠগড়ায় তুলে শনিবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ বলেন, আমি বিরোধীদের আবারও বলব— মানুষের কাছে যান, পরিশ্রম করুন, তারপর নির্বাচনে জিতুন। হিমাচল প্রদেশ বা তেলঙ্গানায় যখন ভোট হলো, তখন কি কংগ্রেস জেতেনি? আপনারা জিতলে সবকিছু ঠিকঠাক থাকে—কমিশনের আধিকারিক, ভোটার তালিকা থেকে ইভিএম মেশিন—কারও কোনো ত্রুটি চোখে পড়ে না। অথচ হারলেই সব দোষ ব্যবস্থার!

রাহুল গান্ধীর রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রবিশঙ্কর আরও তোপ দাগেন, তামিলনাড়ু থেকে কংগ্রেস কেন মুছে গেল, তা নিয়ে কি রাহুল গান্ধী কখনও ভেবে দেখেছেন? বাংলায় কেন গত ৪০ বছর ধরে তাঁদের কোনও অস্তিত্ব নেই, তা নিয়ে সোনিয়া গান্ধী কখনও চিন্তা করেছেন? এখন তাঁরা অখিলেশ যাদবের সঙ্গে জোট করতে দরজায় দরজায় ঘুরছেন, অথচ অখিলেশ তাঁদের গুরুত্বই দিচ্ছেন না। নিজের দলের ব্যর্থতা ও দুর্বলতা আড়াল করতে গিয়ে রাহুল কেন মাথা কুটে মরছেন?

সংবিধান ও নির্বাচন কমিশনের কর্তৃত্ব মনে করিয়ে দিয়ে তিনি বলেন, কংগ্রেসের ৫০ বছরের শাসনকালে কি নির্বাচন কমিশন ছিল না? আজ অখিলেশ যাদব বা তাঁর বাবা মুলায়ম সিং যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, লালুপ্রসাদ যাদব যখন বিহারের শাসনক্ষমতায় এসেছিলেন, তখন কি নির্বাচন কমিশন ছিল না? সবশেষে রাহুল গান্ধীকে কটাক্ষ করে রবিশঙ্কর বলেন, রাহুল গান্ধী হলেন একজন দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদ ('নন-সিরিয়াস পলিটিশিয়ান')। দেশের মানুষ তাঁকে একেবারেই গুরুত্ব দিয়ে গ্রহণ করেন না।

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande