এক মঞ্চে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, প্রাপ্তবয়স্ক ও প্রশিক্ষিত শিল্পীরা; ভিন্ন ‘আগমনী’ বার্তা রিয়ম সোসাইটির
সুনন্দা দাস কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): কারওর পরিচয় তাঁর সীমাবদ্ধতায় নয়, বরং তাঁর নিজের প্রতিভা ও সৃজনশীলতায়— এই ভাবনাকেই সামনে রেখে পুজোর আগে কলকাতায় আয়োজিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। একই মঞ্চে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়
এক মঞ্চে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রশিক্ষিত শিল্পীরা, ভিন্ন ‘আগমনী’ বার্তা রিয়ম সোসাইটির


সুনন্দা দাস

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি.স.): কারওর পরিচয় তাঁর সীমাবদ্ধতায় নয়, বরং তাঁর নিজের প্রতিভা ও সৃজনশীলতায়— এই ভাবনাকেই সামনে রেখে পুজোর আগে কলকাতায় আয়োজিত হতে চলেছে এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। একই মঞ্চে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন প্রশিক্ষিত শিল্পীরা।

আগামী শনিবার (৩ অক্টোবর) কলকাতার শিশির মঞ্চে সল্ট লেক রিয়ম সোসাইটি ফর মণিপুরি ডান্স অ্যান্ড মুভমেন্ট থেরাপির উদ্যোগে আয়োজিত হবে ‘অ্যান ইভনিং অফ ইনক্লুশন, এক্সপ্রেশন অ্যান্ড ডকুমেন্টারি ফিল্ম’। ওই দিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। আয়োজকদের তরফে জানানো হয়েছে, সংস্থার প্রাক্তন সভাপতি বিপ্লব দাশগুপ্তের স্মৃতির উদ্দেশেও এই আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ‘আগমনী’। পুজোর আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের সঙ্গে সংস্থার প্রশিক্ষিত শিল্পীরা একসঙ্গে নৃত্য পরিবেশন করবেন। এখানে বিশেষ চাহিদাসম্পন্ন অংশগ্রহণকারীদের আলাদা করে দেখানোর পরিবর্তে তাঁদের প্রতিভা, সক্ষমতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সামনে রাখা হবে।

আয়োজকদের বক্তব্য, কোনও অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শুধুমাত্র আলাদা একটি পরিবেশনার অংশ হিসেবে তুলে ধরাই তাঁদের উদ্দেশ্য নয়। বরং তাঁদের সঙ্গে অন্যান্য শিল্পীদের সমানভাবে যুক্ত করে একটি স্বাভাবিক মঞ্চ তৈরি করাই মূল লক্ষ্য। প্রয়োজনীয় সহযোগিতা ও অনুকূল পরিবেশ তৈরি করে তাঁদের নিজেদের মতো করে অংশগ্রহণের সুযোগ দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মণিপুরি নৃত্যের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্কদের নিয়ে মুভমেন্ট থেরাপির মাধ্যমে কাজ করে এই সংস্থা। নৃত্য ও শরীরের বিভিন্ন গতিবিধিকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীদের প্রকাশভঙ্গি এবং আত্মবিশ্বাস বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

এই অনুষ্ঠানে প্রদর্শিত হবে ‘মুভমেন্ট অফ লাইফ’ নামে একটি তথ্যচিত্রও। মুভমেন্ট থেরাপিকে কেন্দ্র করে তৈরি প্রায় ১৫ মিনিটের এই তথ্যচিত্রে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অনুভূতি, প্রকাশভঙ্গি ও নিজেদের মতো করে এগিয়ে চলার গল্পকে তুলে ধরা হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নয়ডায় আয়োজিত ১৩-তম আন্তর্জাতিক তথ্যচিত্র-ভিত্তিক চলচ্চিত্র উৎসবে ছবিটি বিশেষ জুরি মেনশন পুরস্কার পেয়েছে।

আয়োজকদের মতে, তথ্যচিত্রটি এখনও সাধারণ দর্শকের সামনে প্রদর্শিত হয়নি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অভিভাবক, বিশেষ-শিক্ষাবিদ এবং দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিতিতে এবার প্রথমবারের মতো কলকাতায় ছবিটির প্রদর্শনের পরিকল্পনা করা হয়েছে।

নৃত্য পরিবেশনা এবং তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের নিয়ে সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে তাঁদের প্রতিভা, সৃজনশীলতা ও অংশগ্রহণকে সামনে আনাই এই আয়োজনের মূল ভাবনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande