
কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) :
জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা, ফিরল শহরে
সদ্য সমাপ্ত জাতীয় জুনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে সাফল্যের মুকুট পরেই শহরে ফিরল বাংলার মেয়েরা। প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্সের পর চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় পা রাখতেই হাওড়া স্টেশনে তাদের ঘিরে তৈরি হল উৎসবের আবহ। রাজ্যের মহিলা ফুটবলের এই সাফল্যে উচ্ছ্বসিত ফুটবলমহল।
সোমবার দুপুরে হাওড়া স্টেশনে জাতীয় চ্যাম্পিয়ন দলের সদস্যদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) অন্যতম যুগ্ম সহসচিব মহম্মদ জামাল। ছিলেন প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার এবং আইএফএ ফাইন্যান্স কমিটির সদস্য চিত্তরঞ্জন দাসও। তাঁদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানানো হয়।
জাতীয় স্তরের এই সাফল্য বাংলার মহিলা ফুটবলে নতুন উদ্দীপনা তৈরি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতাজুড়ে দলের সংহতি, লড়াইয়ের মানসিকতা এবং ধারাবাহিক পারফরম্যান্সই সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে উঠেছে। চ্যাম্পিয়ন হওয়ার পর শহরে ফিরে খেলোয়াড়দের মধ্যেও ছিল উচ্ছ্বাস। আগামী দিনে আরও বড় মঞ্চে বাংলার মহিলা ফুটবলাররা নিজেদের মেলে ধরবেন, এমন প্রত্যাশাই এখন ফুটবল মহলের।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত