দুর্গাপুরে মুমূর্ষু রোগীর অ্যাম্বুল্যান্স আটকে তোলাবাজি ও মারধরের গুরুতর অভিযোগ
দুর্গাপুর, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : হাসপাতাল থেকে মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার পথে আইসিইউ অ্যাম্বুল্যান্স আটকে তোলাবাজি এবং স্বাস্থ্যকর্মীকে বেধড়ক মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠল শিল্পাঞ্চল দুর্গাপুরে। বহিরাগত স্থান থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে আসার
দুর্গাপুরে মুমূর্ষু রোগীর অ্যাম্বুল্যান্স আটকে তোলাবাজি ও মারধরের গুরুতর অভিযোগ


দুর্গাপুর, ২৮ সেপ্টেম্বর (হি.স.) :

হাসপাতাল থেকে মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার পথে আইসিইউ অ্যাম্বুল্যান্স আটকে তোলাবাজি এবং স্বাস্থ্যকর্মীকে বেধড়ক মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠল শিল্পাঞ্চল দুর্গাপুরে। বহিরাগত স্থান থেকে অ্যাম্বুল্যান্স নিয়ে আসার অপরাধে ৫ হাজার টাকা দাবি করা হয় এবং তা দিতে অস্বীকার করায় টেকনিশিয়ানকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে সিটি সেন্টারের গান্ধী মোড় এলাকার এক অ্যাম্বুল্যান্স স্ট্যান্ডের মালিকের বিরুদ্ধে।

জানা গিয়েছে, সিটি সেন্টারের গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল থেকে এক আশঙ্কাজনক রোগীকে স্থানান্তরিত করার জন্য অন্য একটি এলাকার আইসিইউ অ্যাম্বুল্যান্স সেখানে পৌঁছায়। অভিযোগ, রোগী নিয়ে হাসপাতাল থেকে বেরোনোর সময় গাড়িটিকে আচমকা আটকে দেয় গান্ধী মোড় অ্যাম্বুল্যান্স স্ট্যান্ডের মালিক মানিক রুইদাস। অন্য এলাকার অ্যাম্বুল্যান্স কেন ওই বেসরকারি হাসপাতালে রোগী নিতে এল, সেই অজুহাত তুলে চালক ও স্বাস্থ্যকর্মীদের কাছে জোরপূর্বক ৫ হাজার টাকা তোলা দাবি করা হয়।

অ্যাম্বুল্যান্সের চালক ও টেকনিশিয়ান এই অন্যায্য তোলা দিতে পরিষ্কার অস্বীকার করলে উভয়পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন স্ট্যান্ডের মালিক ও তার অনুগামীরা অ্যাম্বুল্যান্স কর্মী ও চালকের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর শুরু করে। হামলায় গুরুতর জখম হন অ্যাম্বুল্যান্সের টেকনিশিয়ান। এমনকি আক্রান্তদের বেশ কিছু সময় সেখানে আটকে রাখা হয় বলেও গুরুতর অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত স্ট্যান্ড মালিক মানিক রুইদাস তাঁর বিরুদ্ধে ওঠা তোলাবাজি ও মারধরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্বাস্থ্য পরিষেবা ও অ্যাম্বুল্যান্স কর্মীদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আক্রান্তদের পক্ষ থেকে অভিযুক্ত মানিক রুইদাসের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande