নির্বাচন কমিশনের পাশে বিজেপি, সাংবাদিক সম্মেলনে সাফাই মুখ্যমন্ত্রী ডাঃ সাহার
আগরতলা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : নির্বাচন কমিশন নিরপেক্ষ ও গণতান্ত্রিকভাবে আইন মেনেই কাজ করছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হওয়ার মধ্যে
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : নির্বাচন কমিশন নিরপেক্ষ ও গণতান্ত্রিকভাবে আইন মেনেই কাজ করছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হওয়ার মধ্যেই সোমবার বিজেপি-র রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের কার্যকলাপের পক্ষে সওয়াল করেন তিনি।

দেশের নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্য নিয়ে সংবাদমাধ্যমে যে প্রশ্ন উঠেছে, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তাঁর মতে, একটি প্রাণবন্ত ও সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়।

এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগও খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব আইন এবং সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন, যাচাই ও পর্যালোচনা করার অধিকার রয়েছে। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করাই এর মূল উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লেই তিনি দেশের নাগরিকত্ব হারাবেন—এমনটা নয়। ভোটার তালিকায় নাম থাকা এবং নাগরিকত্বের বিষয় দুটি পৃথক বিষয় বলেও ইঙ্গিত দেন তিনি।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ও কেরলের উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে এবং সেখানে বিজেপি ক্ষমতায় এসেছে। অন্যদিকে কেরলেও নির্বাচন হয়েছে এবং সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসেছে। তাঁর মতে, বিভিন্ন রাজনৈতিক দলের সরকার গঠনের ঘটনাই নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার প্রমাণ।

বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনে পরাজিত হলেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলা বিরোধীদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তাঁর দাবি, নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নিরপেক্ষভাবেই কাজ করে চলেছে এবং কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষও এসব অভিযোগ গ্রহণ করছেন না বলে দাবি করেন তিনি।

একইসঙ্গে কেন্দ্রীয় সরকার ও বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ডের স্বচ্ছতার পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, স্বচ্ছতার সঙ্গে কেন্দ্রীয় সরকার কাজ করছে এবং বিজেপিও সাংগঠনিক ক্ষেত্রে স্বচ্ছতার পরিচয় দিয়ে চলছে। তাই কোথাও কোনও ধরনের অসদুপায় অবলম্বন করা হয়নি বলে দাবি করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande