কলকাতায় ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’-এর প্রস্তুতি সভা, প্রাধান্য উদ্ভাবন ও জ্বালানি নিরাপত্তায়
​কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : শক্তি ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবন, জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ভবিষ্যতের শক্তির চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’। নিউ টাউন কনভেনশন
কলকাতায় ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’-এর প্রস্তুতি সভা, প্রাধান্য উদ্ভাবন ও জ্বালানি নিরাপত্তায়


​কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) :

শক্তি ক্ষেত্রে প্রযুক্তিগত উদ্ভাবন, জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ভবিষ্যতের শক্তির চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্ডিয়া এনার্জি উইক ২০২৭’। নিউ টাউন কনভেনশন সেন্টারে আগামী ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী এই মেগা সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে— ‘আনলকিং ইনোভেশন, সিকিয়োরিং এনার্জি, শেপিং টুমরো’।

​সম্মেলনের রূপরেখা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে সোমবার কলকাতার একটি তারকাঙ্কিত হোটেলে এক উচ্চপর্যায়ের প্রারম্ভিক বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং দীপঙ্কর জানা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত এই সম্মেলনে বিশ্বব্যাপী শক্তি বাজারের পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা রক্ষা, পরিচ্ছন্ন শক্তি উৎপাদন, অত্যাধুনিক প্রযুক্তি এবং গবেষণামূলক উদ্ভাবন নিয়ে বিশদ আলোচনা হবে। ঐতিহ্যবাহী জীবাশ্ম জ্বালানির পাশাপাশি পরিবেশবান্ধব ও বিকল্প শক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভবিষ্যতের শক্তিসঙ্কট মোকাবিলায় প্রযুক্তির প্রয়োগকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে।

​ কলকাতায় এই আন্তর্জাতিক শক্তি সম্মেলনের আয়োজন পূর্ব ভারতের শিল্প ও শক্তি ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। একই সাথে বিভিন্ন নীতি-নির্ধারক, বিশ্বমানের শিল্পপতি, আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও শক্তি ক্ষেত্রে যুক্ত শীর্ষস্থানীয় সংস্থাগুলির মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে এই মঞ্চ বিশেষ ভূমিকা নেবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande