
কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) :
পশ্চিমবঙ্গের কয়লা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বেআইনি খনি কারবারি ও মাফিয়া রাজ চলেছে বলে তীব্র আক্রমণ হানলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি. কিষাণ রেড্ডি। সোমবার কলকাতায় এক শিল্প কর্মসূচিতে অংশ নিয়ে এই পরিস্থিতিকে সরাসরি ‘জঙ্গলরাজ’ বলে আখ্যা দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, অতীতের চরম অনিয়ম দূর করে এই ক্ষেত্রে স্বচ্ছতা আনা, অবৈধ কার্যকলাপ বন্ধ করা এবং রাজ্যের কোষাগারে রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করতে কেন্দ্র সরকার এখন ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে।
কলকাতায় অ্যাসোচেম আয়োজিত অঙ্গুল অ্যালুমিনিয়াম পার্ক সংক্রান্ত একটি শিল্প রোডশো-তে বক্তব্য রাখতে গিয়ে রেড্ডি বলেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কোল ইন্ডিয়ার সদর দফতর কলকাতায় অবস্থিত হওয়া সত্ত্বেও রাজ্যের কয়লা ক্ষেত্রে দীর্ঘদিন কোনো জবাবদিহি ছিল না। মাফিয়া এবং অবৈধ কারবারিরা কোনো বাধা ছাড়াই বছরের পর বছর খনি অঞ্চল নিয়ন্ত্রণ করে গিয়েছে।
অবৈধ খননের মারাত্মক ঝুঁকি ও প্রাণহানির বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কোনো বৈধ অনুমতি, নির্দিষ্ট নিরাপত্তা নিয়মাবলি বা সরকারি নজরদারি ছাড়াই রাজ্যে অসাধু উপায়ে খনন কাজ চালানো হতো। তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন, সরকারি অনুমতি না থাকা সত্ত্বেও বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অবাধে খনি থেকে কয়লা তোলা হতো। একের পর এক দুর্ঘটনায় সাধারণ শ্রমিকদের প্রাণ গিয়েছে, অথচ কারও দায়বদ্ধতা স্থির করা হয়নি। এটি ছাড়া 'জঙ্গলরাজ' আর কিছুই নয়।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই অরাজক পরিস্থিতির পরিবর্তন ঘটানো হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি জানান, কেন্দ্র সরকারের স্বচ্ছ নীতির কারণে অবৈধ খনি মাফিয়াদের সাম্রাজ্যে বড়সড় আঘাত হানা সম্ভব হয়েছে।
রেড্ডি আরও যোগ করেন, অতীতে কয়লা থেকে অর্জিত রাজস্ব রাজ্যের সরকারি কোষাগারে জমা না পড়ে অসাধু চক্রের পকেটে চলে যেত। কিন্তু বর্তমান কঠোর ও স্বচ্ছ জবাবদিহির কারণে বহু বেআইনি কারবারি আজ ব্যাকফুটে। এই সংস্কারের ফলে নিশ্চিত হবে যে খনিজ সম্পদের রাজস্ব সরাসরি রাজ্য সরকারের কোষাগারেই জমা হবে এবং তা জনকল্যাণে ব্যবহৃত হবে।
বক্তব্যের শেষে জি. কিষাণ রেড্ডি জানান, রাজ্যের কয়লা ও খনি ক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন এবং আগামী দিনের রূপরেখা নির্ধারণ নিয়ে আলোচনা করতে তিনি শীঘ্রই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি