
কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) :
সময়ের পরিবর্তনের সঙ্গে বাংলা সাহিত্য কীভাবে সমাজ ও মানুষের সঙ্কটকে ধারণ করেছে, সেই নানান দিক উন্মোচিত হলো অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দু’দিনের জাতীয় আলোচনা সভায়। সোমবার এই আলোচনা সভার সমাপনী পর্বের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুর অডিটোরিয়ামে আয়োজিত এই জাতীয় আলোচনা সভার মূল বিষয় ছিল— ‘সময়ের সঙ্কট ও বাংলা সাহিত্যঃ প্রেক্ষিত, প্রতিফলন ও উত্তরণ’।
এদিনের অনুষ্ঠানে মূল উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ড. সমিত রায় এবং উপাচার্য অধ্যাপক ড. সুরঞ্জন দাস। এর আগে সভার প্রথম দিনে প্রারম্ভিক সূচক ভাষণ প্রদান করেন বিশিষ্ট ভাষাবিদ তথা অধ্যাপক ড. পবিত্র সরকার। পাশাপাশি ভারতচন্দ্রের সময় ও সাহিত্য নিয়ে বিশদ আলোচনা করেন অধ্যাপক ড. সত্যবতী গিরি এবং ‘ভারতীয় রামকথা ও রবীন্দ্রনাথ’ বিষয়ে আলোকপাত করেন অধ্যাপক ড. জ্যোৎস্না চট্টোপাধ্যায়।
আলোচনা সভার দ্বিতীয় দিনেও নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. অমল পাল, অধ্যাপক ড. সাবিত্রী নন্দ চক্রবর্তী, ড. মননকুমার মণ্ডল এবং ড. বরেন্দু মণ্ডল। দু’দিনের এই বিস্তৃত আলোচনা চক্রে বিশ্বভারতী, যাদবপুর, কল্যাণী, বাঁকুড়া, গৌহাটি ও ধানবাদ-সহ দেশের বিভিন্ন প্রান্তের বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রায় ৭২ জন গবেষক তাঁদের গবেষণাপত্র পাঠ করেন। এছাড়াও প্রায় ৩৪ জন সাধারণ প্রতিনিধি এতে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই জাতীয় আলোচনা সভায় উপস্থাপিত উৎকৃষ্ট গবেষণাপত্রগুলি সংকলিত করে শীঘ্রই একটি বিশেষ গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত