
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): উত্তরাঞ্চলের হলদওয়ানিতে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের জনসভার পর রামলীলা ময়দানে তথাকথিত 'শুদ্ধিকরণ যজ্ঞ' করার বিষয়টি ক্রমশ জোরালো হচ্ছে। কংগ্রেস এটিকে শুধু খাড়গে নয়, বরং পুরো দলিত-আদিবাসী সমাজের আত্মসম্মানের ওপর আঘাত বলে অভিহিত করেছে। এর প্রতিবাদে কংগ্রেসের এসসি-এসটি ফোরাম দিল্লির মাভালঙ্কার হলে 'দলিত-আদিবাসী স্বাভিমান বৈঠক'-এর আয়োজন করে একটি দেশব্যাপী আন্দোলনের সূচনা করেছে।
এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তেলেঙ্গানার নাগরকুরনুলের কংগ্রেস সাংসদ ড. মাল্লু রবি। তিনি হিন্দুস্থান সমাচারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হলদওয়ানির ঘটনা, রাহুল গান্ধীর বিরুদ্ধে রুজু হওয়া মামলা, 'এক দেশ, এক নির্বাচন', সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচন কমিশনের এসআইআর এবং জাতিগত আদমশুমারি-সহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন। কথোপকথনের গুরুত্বপূর্ণ অংশগুলি :
প্রশ্ন: হলদওয়ানিতে মল্লিকার্জুন খাড়গের জনসভার পর তথাকথিত ‘শুদ্ধিকরণ’ নিয়ে আপনার অভিযোগের বিষয়ে আইনি পদক্ষেপ অত্যন্ত ধীরগতির ছিল, উল্টে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। বেঙ্গালুরুতে জিরো এফআইআরও দায়ের হয়েছে। পুরো মামলায় এখনও পর্যন্ত কী ঘটেছে এবং ভবিষ্যতে আপনারা কী করবেন?
উত্তর: লোকসভা ও রাজ্যসভার তফসিলি জাতি/ তফসিলি উপজাতির সাংসদরা ৭ সেপ্টেম্বর ইন্দিরাপুরমে বৈঠক করে মল্লিকার্জুন খাড়গের কর্মসূচির পর তথাকথিত শুদ্ধিকরণের বিষয়ে আলোচনা করেন। সাংসদরা এটিকে শুধু খাড়গের নয়, পুরো তফসিলি জাতি/ তফসিলি উপজাতি সম্প্রদায়ের অপমান বলে বর্ণনা করেছেন। এর প্রতিবাদে ৮ সেপ্টেম্বর প্রায় ২২ জন সাংসদ সংসদ মার্গ থানায় পৌঁছান এবং জিরো এফআইআর দায়ের করার দাবি জানান, কিন্তু পুলিশ তা প্রত্যাখ্যান করে। সাংসদরা প্রায় সাড়ে তিন ঘণ্টা থানায় ধর্নায় বসে থাকেন। পরে পুলিশ জানায় যে তারা হলদওয়ানিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে এই অভিযোগটি যুক্ত করবে। মাল্লু রবি অভিযোগ করেছেন, এখনও পর্যন্ত কোনও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।
প্রশ্ন: আজ থেকে শুরু হওয়া এই 'আত্মসম্মান অভিযান'-এর মাঠপর্যায়ের পরিকল্পনা কী? এটি কি কেবল প্রতীকী প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি একে তৃণমূলস্তরে দলিত সমাবেশ এবং দেশব্যাপী গণআন্দোলনের রূপ দেওয়া হবে?
উত্তর: কনস্টিটিউশন ক্লাবের মাভালঙ্কার হলে আয়োজিত 'দলিত-আদিবাসী স্বাভিমান বৈঠক'-এ সারাদেশ থেকে এক হাজারের বেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন। বৈঠকে হলদওয়ানির ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় সরকার ও উত্তরাখণ্ড সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এর পাশাপাশি দলিত-আদিবাসী সমাজের অধিকারের লড়াইয়ের জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েও একটি প্রস্তাব পাস হয়। এই অভিযানকে দেশের প্রতিটি রাজ্যে নিয়ে যাওয়া হবে এবং স্থানীয় এসসি-এসটি নেতাদের নেতৃত্বে সভার আয়োজন করা হবে। নভেম্বরের শেষ সপ্তাহে দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে একটি জাতীয় সম্মেলনের প্রস্তাব রাখা হয়েছে, যেখানে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই অভিযান বাবাসাহেব ড. ভীমরাও আম্বেদকরের 'শিক্ষিত হও, সংগঠিত হও এবং সংগ্রাম করো' মন্ত্র এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে ন্যায়বিচারের লড়াইয়ের ওপর ভিত্তি করে পরিচালিত হবে।
প্রশ্ন: বিজেপি এবং কিছু সংগঠনের দাবি, এটি কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, বরং রামলীলা ময়দানের ধর্মীয় পবিত্রতার সঙ্গে জড়িত একটি স্থানীয় বিষয়। কংগ্রেস এটিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
উত্তর: এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি যুক্তি। দিল্লিতেও রামলীলা ময়দান রয়েছে, যেখানে কংগ্রেস, বিজেপি, সিপিআই(এম), সিপিআই-সহ সমস্ত দল রাজনৈতিক সমাবেশ করে থাকে। এর মানে এই নয় যে সেখানে কেবল ধর্মীয় বিষয়েই আলোচনা হবে; সেখানে বরাবরই রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়ে এসেছে। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা। তিনি সেখানে রাজনৈতিক ভাষণ দিয়েছেন, কারওর বিরুদ্ধে কোনও বাজে কথা বলেননি। রামলীলা ময়দান হওয়ার কারণে কোনও দলিত বা অনগ্রসর শ্রেণীর নেতা কি সেখানে গিয়ে ভাষণ দেওয়ার অধিকার পাবেন না? বাকি সব নেতাই তো সেখানে রাজনৈতিক ভাষণ দেন।
প্রশ্ন: রাজ্যসভায় শাসকদলের নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছিলেন এবং কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তবুও আপনাদের কেন এই আন্দোলন করতে হচ্ছে?
উত্তর: রাজ্যসভায় বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও দলনেতা জেপি নাড্ডা স্পষ্টভাবে আশ্বাস দিয়েছিলেন যে, এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সংসদে দেওয়া সেই আশ্বাসের পরও কী ঘটলো? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এই ঘটনাকে সমর্থন করে নিজের অবস্থান বজায় রাখলেন, দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে একটি শব্দও উচ্চারণ করেননি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনও আনুষ্ঠানিক বিবৃতি পর্যন্ত দেননি। যখন কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তার মানে পরিষ্কার— এই শুদ্ধিকরণ কাণ্ডে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নীরব সমর্থন রয়েছে।
প্রশ্ন: মল্লিকার্জুন খাড়গে দেশের প্রাচীনতম জাতীয় দলের নির্বাচিত সভাপতি। এই ঘটনাকে আপনারা কি শুধুই একজন নেতার অপমান হিসেবে দেখছেন, নাকি এটিকে সমগ্র বহুজন সমাজের আত্মসম্মানের ওপর সরাসরি আক্রমণ বলে মনে করছেন?
উত্তর: এটি মল্লিকার্জুন খাড়গের ওপর ব্যক্তিগত কোনও আক্রমণ নয়। এটি তাঁর ওপর কোনও শারীরিক হামলা ছিল না, বরং এটি একটি মানসিক আঘাত যা তাঁর মাধ্যমে দেশের সমস্ত দলিত ও আদিবাসী সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি কংগ্রেসের ওপরও একটি আক্রমণ, কারণ তিনি দলের নির্বাচিত জাতীয় সভাপতি। তারা এই বার্তা দিতে চায় যে তারা নিজেদের ইচ্ছামতো সংবিধানের বাইরে গিয়ে কংগ্রেস এবং এসসি-এসটি সম্প্রদায়কে নিশানা করতে পারে।
প্রশ্ন: সংসদে 'নারী শক্তি বন্দন অধিনিয়ম' (নারী সংরক্ষণ বিল) পাস হয়েছে, কিন্তু এটিকে পরবর্তী জনগণনা এবং সীমানা পুনর্নির্ধারণের সঙ্গে যুক্ত করা হয়েছে। কংগ্রেস এটিকে অবিলম্বে এবং ওবিসি/এসসি/এসটি-র অভ্যন্তরে কোটা-সহ বাস্তবায়নের জন্য কী করছে?
উত্তর: কংগ্রেস দল নারী সংরক্ষণকে অবিলম্বে কার্যকর করার পক্ষে। প্রকৃতপক্ষে, এই বিলটি প্রথম কংগ্রেস সরকারের আমলেই রাজ্যসভায় পাস করানো হয়েছিল। আমরা চাই এটি অবিলম্বে একটি পূর্ণাঙ্গ আইন হিসেবে কার্যকর হোক। কিন্তু কেন্দ্র সরকার জেনেশুনে নারী সংরক্ষণকে সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ার সঙ্গে জটিল করে তুলেছে। সরকারের সদিচ্ছা থাকলে তারা নারী সংরক্ষণকে সীমানা পুনর্নির্ধারণ থেকে আলাদা করে অবিলম্বে চালু করুক, আমরা তাতে ১০০ শতাংশ সমর্থন জানাব। আমাদের এটাও স্পষ্ট দাবি যে, এই সংরক্ষণের মধ্যে এসসি, এসটি এবং অনগ্রসর শ্রেণীর (ওবিসি) নারীদের তাঁদের জনসংখ্যার অনুপাতে ন্যায্য অংশ (কোটা) অবশ্যই পাওয়া উচিত।
প্রশ্ন: দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে তীব্র আশঙ্কা রয়েছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রয়োগকারী রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যাবে এবং উত্তর ভারতের প্রাধান্য বৃদ্ধি পাবে। একজন দক্ষিণ ভারতীয় সাংসদ হিসেবে আপনার হিসাব ও অবস্থান কী?
উত্তর: সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলির উদ্বেগ অত্যন্ত মারাত্মক এবং বাস্তব। দক্ষিণ ভারতের রাজ্যগুলি ভারত সরকারের পরিবার পরিকল্পনা কর্মসূচি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করেছে, যার ফলে সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে এসেছে। এখন কেন্দ্রীয় সরকার যদি কেবল জনসংখ্যাকে ভিত্তি করে সীমানা পুনর্নির্ধারণ করে অথবা প্রতিটি রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়ানোর কথা বলে, তবে তা দক্ষিণের প্রতি চরম অবিচার হবে।
এটিকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝুন: আজ কেরলমে লোকসভার ২০টি আসন রয়েছে এবং উত্তর প্রদেশে ৮০টি আসন রয়েছে, অর্থাৎ দুটির মধ্যে ব্যবধান ৬০টি আসনের। যদি উভয় রাজ্যে ৫০ শতাংশ আসন বাড়ানো হয়, তবে কেরলমের আসন ২০ থেকে বেড়ে ৩০ হবে, আর উত্তরপ্রদেশের আসন ৮০ থেকে বেড়ে ১২০ হবে। তখন এই ব্যবধান ৬০ থেকে বেড়ে একধাক্কায় ৯০টি আসনে দাঁড়াবে। একইভাবে তেলেঙ্গানা বা তামিলনাড়ুর তুলনায় উত্তর ভারতের রাজ্যগুলির ব্যবধান অনেক বেশি হয়ে যাবে। উত্তর ভারতে যদি এত বেশি আসন বেড়ে যায়, তবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনে দক্ষিণ ভারতের কোনও নির্ণায়ক ভূমিকাই থাকবে না। ক্ষমতা অর্জনে দক্ষিণের ওপর কোনও নির্ভরতা না থাকলে সরকার দক্ষিণের উন্নয়ন ও বাজেটের দিকে মনোযোগ দেবে না। আমাদের স্পষ্ট কথা হলো— যদি সীমানা পুনর্নির্ধারণ হয়ও, তবে রাজ্যগুলির মধ্যে বর্তমানে আসনসংখ্যার যে ব্যবধান রয়েছে, সেই ব্যবধান একই থাকা উচিত, তাতে যেন কোনও ভারসাম্যহীনতা তৈরি না হয়।
প্রশ্ন: সীমানা পুনর্নির্ধারণের আগে আর্থিক ও সংসদীয় ভারসাম্যের বিধিবদ্ধ নিশ্চয়তার দাবিতে দক্ষিণের রাজ্যগুলোর সমস্ত দল সংসদের ভেতরে ও বাইরে কি ঐক্যবদ্ধ হবে?
উত্তর: অবশ্যই। আমরা সবাই একজোট হয়ে গণতান্ত্রিক আর্থিক বিকেন্দ্রীকরণ, বাজেটের সুষম বণ্টন এবং সমস্ত নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তার দাবি জানাব। উত্তর ও দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে সংসদীয় প্রতিনিধিত্বে কোনও ভারসাম্যহীনতা তৈরি হতে দেওয়া হবে না। কোনও রাজ্য যদি জাতীয় নীতি অনুসরণ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে থাকে, তবে সংসদে তার কণ্ঠস্বর হারিয়ে তাকে শাস্তি দেওয়া উচিত নয়।
প্রশ্ন: বাদল অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলেও তার আনুষ্ঠানিক সমাপ্তি হয়নি। বিরোধী দল কি আশঙ্কা করছে যে সরকার হঠাৎ কোনও বিশেষ অধিবেশন ডেকে বিতর্কিত কোনও বিল আনতে পারে?
উত্তর: সরকারের বিশেষ অধিবেশন ডাকার আইনি অধিকার রয়েছে, তারা তা করতেই পারে। কিন্তু আমাদের প্রধান উদ্বেগ হলো— তারা যেন দক্ষিণ ভারত বা সেইসব ছোট রাজ্যগুলির সঙ্গে অবিচার না করে, যেগুলি জাতীয় জনসংখ্যা নীতি কঠোরভাবে মেনে চলেছে। যেকোনও অপ্রত্যাশিত আইনি বা প্রশাসনিক পদক্ষেপের মোকাবিলা সংসদ ও গণতান্ত্রিক মঞ্চে পূর্ণ শক্তিতে করা হবে।
প্রশ্ন: কেন্দ্রীয় সরকার 'এক দেশ, এক নির্বাচন' নীতি এগিয়ে নিয়ে যেতে জোর দিচ্ছে। সংসদে এর বিরোধিতা করার ক্ষেত্রে কংগ্রেসের কীভাবে প্রস্তুত?
উত্তর: কংগ্রেস 'এক দেশ, এক নির্বাচন'-এর ধারণার সম্পূর্ণ বিরোধিতা করে। ভারত একটি বিশাল এবং বহু-রাজ্যবিশিষ্ট যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। যেকোনও গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। কখনো কোনও রাজ্যে সরকার পড়ে যায়, তো কখনও কেন্দ্রের সরকার মাঝপথে পড়ে যায়। আমরা ১৯৯৬ এবং ১৯৯৮ সালে দেখেছি যে কেন্দ্রীয় সরকার পড়ে যাওয়ার পর কেবল লোকসভা নির্বাচন করানো হয়েছিল, রাজ্যগুলির বিধানসভা জোরপূর্বক ভেঙে দেওয়া হয়নি। আমাদের দেশ একনায়কতন্ত্রে নয়, বরং সংসদীয় গণতন্ত্র ও সংবিধান অনুযায়ী চলে। একটি নির্দিষ্ট নিয়ম চাপিয়ে দিয়ে পুরো দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা যায় না। আমরা সংসদের ভেতরে ও বাইরে এর তীব্র বিরোধিতা করব।
প্রশ্ন: আপনি নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে গুরুতর আপত্তি তুলেছেন। বিরোধী দল কি আশঙ্কা করছে যে এর মাধ্যমে ইচ্ছাকৃতভাবে সুবিধাবঞ্চিতদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে?
উত্তর: এটি অত্যন্ত গুরুতর একটি বিষয়, যা বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদে জোরালোভাবে উত্থাপন করেছিলেন। পুরো অধিবেশন জুড়ে আমরা দাবি জানিয়েছিলাম যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এসআইআর-এর এই প্রক্রিয়ার ওপর সংসদে ব্যাখ্যা দিন, কিন্তু সরকার আলোচনা থেকে পালিয়ে গেছে। এখন সংবাদমাধ্যমে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, তা থেকে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের ভেতরে মুখ্য নির্বাচন কমিশনার তাঁর সহকর্মী নির্বাচন কমিশনারদের সম্মতি ছাড়াই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিচ্ছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে বা অন্তত দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় হওয়া উচিত, কিন্তু এখানে উভয় কমিশনারের দ্বিমত থাকা সত্ত্বেও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে।
প্রশ্ন: রাহুল গান্ধী দেশব্যাপী জাতিগত আদমশুমারি এবং সংরক্ষণের ৫০ শতাংশ সীমা তুলে দেওয়ার দাবি করছেন। কেন্দ্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে কংগ্রেস শাসিত রাজ্যগুলি কীভাবে এটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে?
উত্তর: যতদিন এই সরকার থাকবে, আমরা রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে এর জন্য লড়াই চালিয়ে যাব। রাহুল গান্ধীর দিকনির্দেশনায় তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির সরকার বিধানসভায় জাতিগত আদমশুমারি এবং সংরক্ষণের ৫০ শতাংশের সীমা তুলে দেওয়ার ঐতিহাসিক প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস করিয়েছে এবং এটিকে আইনে পরিণত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছে, যা বর্তমানে কেন্দ্রের কাছে বিচারাধীন রয়েছে। কেন্দ্রীয় সরকার বলছে যে তারা সাধারণ জনগণনার সঙ্গেই এটি করবে, কিন্তু তাদের কার্যপ্রণালীতে কোনও স্বচ্ছতা নেই। তারা কেবল দায় সারার কাজ করছে। যতক্ষণ না আপনি অনগ্রসর শ্রেণীদের মধ্যে এটি চিহ্নিত করবেন যে কে সবচেয়ে বেশি অনগ্রসর, কে চাকরি পেয়েছে আর কে পায়নি, রাজনৈতিক প্রতিনিধিত্বে কার অবস্থান কোথায়—ততক্ষণ এটি আদালতে টিকবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ