
হাফলং (অসম): ৩০ সেপ্টেম্বর (হি স): ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের (ডিএইচএসি) সিইএম পাইলট প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবর্ষে সেমখরে রূপায়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবার এক পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে সেমখর-১ অ্যাপ্রোচ রোড, সেমখর-মাকালু অ্যাপ্রোচ রোড, বিদ্যালয় ভবন, শিক্ষকদের আবাসন, চিকিৎসাকেন্দ্রের ভবন, চিকিৎসাকর্মীদের আবাসন, মার্কেট শেড, অতিথিশালা এবং খেলার মাঠ-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ খতিয়ে দেখা হয়।
ডিমা হাসাও স্বশাসিত পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গার্লোসার নেতৃত্ব ও নির্দেশনায় এই প্রকল্পগুলির কাজ বাস্তবায়িত হচ্ছে।
ডিএইচএসি-র কার্যনির্বাহী সদস্য মঞ্জয় লাংথাসার নেতৃত্বে অনুষ্ঠিত এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পরিষদের এমএসি হেরোজিৎ জিদুং। এ ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক, কর্মী এবং নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদাররা পরিদর্শনে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে আধিকারিকরা প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন। পাশাপাশি, বিভিন্ন কাজের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও অন্যান্য চাহিদা পর্যালোচনা করার পাশাপাশি প্রকল্পগুলির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
স্থানীয় মানুষের সুবিধার্থে উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ নির্ধারিত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়ন ও সমাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে সেমখর এলাকার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, বাজার পরিকাঠামো এবং ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে বিশেষ সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব